নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধর্ষণের কারণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্যসচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহন তালুকদার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভা ডেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা জীবিকার জন্য দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা গৃহকর্মীর কাজ করেন। গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন মহন তালুকদার। ভয়ে শিশুটি ঘটনাটি কাউকে বলেনি। গত ১২ মার্চ শিশুটি অসুস্থ বোধ করে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে। পরদিন চিকিৎসাকেন্দ্রে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত থানা-পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন। পরে ২ মে থানায় মামলা নেওয়া হয়। কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে মঙ্গলবার সংবাদ প্রকাশ হওয়ার পর রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
শিশুটির মা বলেন, ‘আমার মেয়েটা ছোট মানুষ। কিছুই বোঝে না। মহন তার জীবনটা নষ্ট করে দিছে। আমি তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
যোগাযোগ করলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।
How did this article make you feel?
Related Articles
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা
Jul 24, 2026
2 shared tags
টাকা দাবির অভিযোগে ঝিনাইদহের যুবদল নেতার সাময়িক বহিষ্কার
Jul 04, 2026
2 shared tags
জুনে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত, বিভিন্ন সহিংস ঘটনায় আরও ৩১: এইচআরএসএস
Jul 03, 2026
2 shared tags
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
Jun 09, 2026 · 1 min
2 shared tags