সরকারি গাছ কেটে বিক্ষোভের ঘটনায় ৮০ জনের নামে মামলা
চট্টগ্রামে সরকারি গাছ কেটে বিক্ষোভের ঘটনায় অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বুধবার সকালে এই মামলা হয়। সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এই মামলা করেছেন। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে পুলিশ তাঁদের নাম–পরিচয় জানাতে রাজি হয়নি।
এর আগে মঙ্গলবার বেলা তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা আদালতের রায়ে বাতিল হওয়ার খবর শুনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে বিক্ষোভ শুরু করেন তাঁর সমর্থকেরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে আসলাম চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এরপর তাঁর মনোনয়নের বৈধতা নিয়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী আপিল করেন। পরে তাঁর আপিল মঞ্জুর করে গতকাল রায় দেন আপিল বিভাগ। রায়ে আসলাম চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না, এমন খবর জানাজানি হওয়ার পরপরই গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার কুমিরা, ভাটিয়ারী, সলিমপুর, বাড়বকুণ্ড, ছোট দারোগাহাট এলাকায় বিক্ষোভ করেন তাঁর অনুসারী বিএনপির নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে সড়ক ও জনপথ বিভাগের করা মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছেন তাঁরা। এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে বাকি আসামিদের চিহ্নিত করার কাজ চলছে।
How did this article make you feel?
Related Articles
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপি নেতা
Jul 19, 2026
3 shared tags
অর্থমন্ত্রীকে ঘিরে নেতাকর্মীদের ভিড়, ভেঙে পড়ল মঞ্চ
Jul 17, 2026
3 shared tags
সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছন থেকে হঠাৎ গুলি, হাসপাতালে নিতেই মৃত্যু
Jul 02, 2026
3 shared tags
সাতকানিয়ায় আওয়ামী লীগ কর্মীকে লক্ষ্য করে গুলি
Jul 01, 2026
3 shared tags